স্থান: রামাইল ইউনিয়ন
সময়: ১০ই ফেব্রুয়ারী ২০২৬ খ্রি.; সকাল ১০:০০ ঘটিকায়।
ব্রাহ্মণবাড়িয়া জেলার রামরাইল ইউনিয়নের ভোলাচং গ্রামের একটি অংশে সম্প্রতি নারীদের ভোটকেন্দ্রে যাওয়া নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে কিছু ব্যক্তি প্রচার করছেন যে, নারীদের ভোটকেন্দ্রে যাওয়া ‘পর্দার খেলাপ’ এবং এটি অমঙ্গলজনক।
এ ধরনের প্রচারণার ফলে এলাকায় সামাজিক চাপ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন একাধিক নারী ভোটার। তারা জানান, এই প্রচারের কারণে অনেক নারী ভোটার ভোটকেন্দ্রে যাওয়ার ব্যাপারে উৎসাহ হারিয়ে ফেলেছেন। কেউ কেউ প্রকাশ্যেই বলছেন যে, তারা আর ভোট দিতে যাবেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী ভোটার বলেন, “আমরা আগে ভোট দিতে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু এখন নানা কথা শুনে অনেকে ভয় পাচ্ছেন। সমাজ কী বলবে—এই চিন্তায় অনেকেই পিছিয়ে যাচ্ছেন।”
স্থানীয় সচেতন মহলের মতে, ভোটাধিকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। নারী-পুরুষ নির্বিশেষে সকল ভোটারের নিরাপদ ও স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা জরুরি। তারা সংশ্লিষ্ট প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।