সময়: আনুমানিক ৯:৩০ মিনিট
স্থান: তালশহর ইউনিয়নের মোহনপুর বাজার।
নির্বাচনকে ঘিরে সারাদেশে তৈরি হয়েছে উৎসবমুখর আমেজ। এরই অংশ হিসেবে তালশহর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে এখন পর্যন্ত কোনো ধরনের সরাসরি সহিংসতার তথ্য পাওয়া যায়নি। তবে মাঠপর্যায়ে ঘুরে দেখা যাচ্ছে, অতীত অভিজ্ঞতার কারণে অনেক ভোটারের মনে এখনও রয়ে গেছে আতঙ্ক ও অনিশ্চয়তা।
আজ সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে তালশহর ইউনিয়নে মোহনপুর বাজারে একটি দোকানে অবস্থানকালে ইন্দ্র রায় নামের এক ব্যক্তির সঙ্গে কথা হয়। তিনি জানান, তার পরিবার এবারের নির্বাচনে ভোট দিতে যেতে আগ্রহী নয়। এর কারণ জানতে চাইলে তিনি বলেন, গত নির্বাচনে দুইটি গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনায় তার ছেলে, বিশাল রায় গুরুতর আহত হয়েছিল। সেই ঘটনার স্মৃতি এখনও তাদের পরিবারকে তাড়িয়ে বেড়াচ্ছে।
ইন্দ্র সাহেব আরও বলেন, “ভোট দেওয়ার ইচ্ছা থাকলেও বর্তমান দেশের পরিস্থিতি বিবেচনায় আমরা শঙ্কিত। যদি আবারও হামলা বা ঝামেলা হয়, তাহলে আমাদের নিরাপত্তা কে নিশ্চিত করবে?” এই আশঙ্কার কারণেই তারা এবার ভোটকেন্দ্রে যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসছেন।
এ ধরনের ঘটনা স্পষ্টভাবে দেখায়, সরাসরি সহিংসতা না থাকলেও ভয় ও নিরাপত্তাহীনতা নারী ও পুরুষ উভয় ভোটারের অংশগ্রহণে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাই এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের করণীয় হলো—ভোটারদের ভয়ভীতি দূর করা এবং ভোটকেন্দ্রসহ আশপাশের এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা, যাতে সবাই নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।